ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রে দুই পক্ষের প্রার্থীদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়। পাল্টাপাল্টি অভিযোগের ফলে পরিস্থিতি জটিল হয়ে পড়লে প্রক্টরিয়াল টিমসহ দায়িত্বশীলরা এসে পরিবেশ শান্ত করার চেষ্টা করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের সঠিকভাবে লাইনে না দাঁড়ানোয় কেন্দ্রটিতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
সরাসরি পর্যবেক্ষণে জানা গেছে, কয়েকজন প্রার্থী ভোটারদের কাছে ভোট চাইছিলেন। এতে অন্যপক্ষ প্রতিবাদ জানায়। তবে ওই প্রার্থীরা দাবি করেন, তারা কেন্দ্র থেকে ১০০ গজ দূরে ভোট চাইছেন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোট প্রার্থনার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, ভোটারদের অনেকে লাইনে না দাঁড়ানোয় ভোটগ্রহণে বিঘ্ন ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে বেগ পেতে হয়।
আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট এবং হল সংসদের জন্য এক পাতার ব্যালট ব্যবহৃত হচ্ছে। সব মিলিয়ে একজন ভোটারকে ছয় পাতায় ভোট দিতে হচ্ছে।
এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। ১৮টি হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ, একজন ভোটারকে এবার মোট ৪১টি ভোট দিতে হবে।