প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবই’— টাঙ্গাইলে জরুরি সমাবেশে কাদের সিদ্দিকীর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের কিংবদন্তি নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, “যারা হঠকারিতা করছেন, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে এক করে ফেলবেন না। সাবধান করে দিচ্ছি— আপনাদের খুঁজে পাওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “পুলিশ এখন বাইরে দাঁড়িয়ে আছে যেন লাঠি বা অন্য কোনো শক্তি প্রয়োগ না হয়। কিন্তু যেদিন আমরা রাস্তায় নামবো, সেদিন লাঠি নয়, বন্দুকও আমাদের থামাতে পারবে না।”

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাসভবন সোনার বাংলাতে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের এক জরুরি সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, “যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ‘জয় বাংলা’ থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও থাকবেন।”

১৪৪ ধারা জারির ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের সমাবেশে ১৪৪ ধারা! এটা লজ্জাজনক রেকর্ড। মুক্তিযোদ্ধারা একত্রিত হতে চেয়েছিল, অথচ প্রশাসন সেটিও বন্ধ করেছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক।”

তিনি আরও বলেন, “আমি যা খুশি করতে পারি না, আর করবও না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমি করবই। কঠিন সময় সামনে আসছে, তোমাদের রাস্তায় নামতে হবে। শক্তির চেয়ে বড় কিছু নেই, তবে সেই শক্তি হতে হবে নিয়ন্ত্রিত। ন্যায়ের পক্ষে সবসময় আল্লাহ থাকেন। পাকিস্তানিদের অস্ত্র ও শক্তি আমাদের চেয়ে বেশি ছিল, তবুও আমরা বিজয়ী হয়েছিলাম।”

এ সময় যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, বীরপ্রতীক ফজলুল হক, কৃষক শ্রমিক জনতা লীগের বাসাইল উপজেলা সভাপতি রাহাত হাসান টিপু এবং সখীপুর উপজেলা সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীবসহ অন্যরা বক্তব্য রাখেন।

শেষে তিনি বলেন, “আমরা অত্যন্ত খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। যে আশা ও ভরসা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, আজ তা ধূলিসাৎ হতে বসেছে। আমার নিজের বাড়ির ওপর আঘাত এসেছে, তাই কষ্ট হলেও বলতে হচ্ছে— এটি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ওপর আঘাত। তাই আমি চুপ থাকতে পারি না।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা