প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বেতন বাড়ানোর দাবিতে রাজশাহীতে বাস শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫

বেতন বৃদ্ধি ও অন্যান্য সুবিধার দাবিতে রাজশাহীতে বাস শ্রমিকদের ডাকা কর্মবিরতিতে বন্ধ হয়ে গেছে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি সোমবার (৮ সেপ্টেম্বর) সকালেও চলমান ছিল। ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, গ্রামীণ ট্রাভেলস ও শ্যামলী ট্রাভেলসের শ্রমিকরা এ কর্মবিরতিতে অংশ নিয়েছেন। তবে একতা পরিবহনের মতো কয়েকটি বাস চলাচল অব্যাহত রয়েছে।

শিরোইল বাস টার্মিনালের কাউন্টারগুলোতে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী বাস বন্ধ থাকায় যাত্রীরা হতাশ হয়ে পড়েছেন। যাত্রী সাইদুর রহমান বলেন, “হঠাৎ বাস বন্ধের খবর পেয়ে দুশ্চিন্তায় আছি। যে কয়েকটি বাস চলছে, সেগুলোর টিকিটও পাওয়া যাচ্ছে না।”

দুপুরে শ্রমিকরা শিরোইল বাসস্ট্যান্ডে মানববন্ধন করে বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দেন। তাদের অভিযোগ, বর্তমানে একটি আপ-ডাউন ট্রিপে চালক পান মাত্র ১২০০ টাকা, হেলপার ৬০০ টাকা ও সুপারভাইজার খুবই কম বেতন পান। তিনজন স্টাফের খাবারের জন্য দেওয়া হয় মাত্র ১০০ টাকা।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে:

একটি ট্রিপে চালকের বেতন ২০০০ টাকা করা,সুপারভাইজারের বেতন ১১০০ টাকা ও হেলপারের বেতন ১০০০ টাকা নির্ধারণ,জনপ্রতি খাবারের খরচ,১০০ টাকা ও হোটেল ভাড়া বাবদ ২০০ টাকা প্রদান

বাসচালক লিটন বলেন, “আমাদের বেতন এত কম যে সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে।” ন্যাশনাল ট্রাভেলসের হেলপার রেজা জানান, “একটি ট্রিপে হাতে থাকে মাত্র ৪০০ টাকা। মাসে সর্বোচ্চ ৫৬০০ টাকা আয় হয়।”

তাদের দাবি, একতা পরিবহনের বেতন তুলনামূলক বেশি হওয়ায় তাদের বাস চলছে। ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন অভিযোগ করেন, “গত ১০ বছর ধরে একই বেতন দেওয়া হচ্ছে। ২৩ আগস্ট মালিকপক্ষ বেতন বাড়ানোর আশ্বাস দিলেও এখনও তা বাস্তবায়ন হয়নি।”

মালিকপক্ষ জানিয়েছে, শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, “মালিকরা মাত্র ১০০ টাকা বাড়াতে চেয়েছেন, যা শ্রমিকরা মেনে নেয়নি। আমরা আবারও আলোচনায় বসবো।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা