প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নেপালে জেন জি প্রজন্মের বিক্ষোভে অস্থির কাঠমান্ডু : প্রশাসনের কারফিউ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে তরুণ প্রজন্মের (জেন জি) নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের বিরুদ্ধে আন্দোলন ক্রমেই ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় সোমবার (৮ সেপ্টেম্বর) এই বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে প্রশাসন কারফিউ জারি করে।

নেপালি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নিউ বানেশ্বর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর স্থানীয় প্রশাসন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে। এই আদেশ অনুযায়ী নিউ বানেশ্বর চৌক থেকে এভারেস্ট হোটেল, বিজুলি বাজার আর্চ ব্রিজ, মিন ভবন, শান্তিনগর হয়ে টিঙ্কুনে চৌক পর্যন্ত এবং উত্তরে আইপ্লেক্স মল থেকে রত্ন রাজ্য স্কুল ও দক্ষিণে শঙ্খমুল ব্রিজ পর্যন্ত এলাকাও কারফিউর আওতায় আসে।

প্রথমে সীমিত এলাকায় কারফিউ জারি করা হলেও বিক্ষোভকারীরা নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করলে তা সম্প্রসারণ করে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনসহ সংবেদনশীল স্থাপনাগুলোতেও কারফিউ জারি করা হয়। প্রশাসনের দাবি, অশান্তি ঠেকানো ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুর্নীতি ও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, স্ন্যাপচ্যাটসহ ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে কয়েক হাজার তরুণ বিক্ষোভে অংশ নেন। পুলিশের জলকামান, টিয়ারশেল ছোড়ার পাশাপাশি আন্দোলনকারীরাও ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের প্রাঙ্গণে প্রবেশ করেন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা