প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নিখোঁজ মুসফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিমের ভাতিজা মোহাম্মদ আহনাফ (১৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ১ নং ওয়ার্ডের সমিতি পাড়া সৈকত থেকে তার দেহ ভেসে ওঠে। বিষয়টি নিশ্চিত করেছেন সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ।

 

এর আগে রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আহনাফ বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামে। এসময় আরও দুইজন পর্যটক পানিতে তলিয়ে গেলেও তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। তবে আহনাফ নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাতভর খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাননি।

 

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, ‘সকালে সমিতি পাড়া পয়েন্ট থেকে আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

 

মোহাম্মদ আহনাফ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাইয়ের ছেলে। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা