প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর কবজি কাটার ঘটনায় ফারুক উদ্দিন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চাঁদা দাবি পূরণ না হওয়ায় এক ব্যবসায়ীর হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগে বিএনপির কর্মী মো. ফারুক উদ্দিনকে (৪৫) কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়া আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়, ফারুক উদ্দিন হাতিয়ার হরণী ইউনিয়নের পশ্চিম রসুলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। গত ২৮ মে রাত ১১টার দিকে হাতিয়া বাজারে চাঁদা না দেওয়ায় পূর্ব রসুলপুর গ্রামের ব্যবসায়ী মো. নবীর উদ্দিন (৬০)-এর ডান হাতের কবজি কেটে দেন ফারুক। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

 

নবীর উদ্দিনের ছেলে আবু ছায়েদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে হাতিয়া বাজারে বড় পশুর হাট বসে। সেখানে দোকানের সামনে গরু বিক্রির ব্যবস্থা করলে ফারুক টাকা দাবি করেন। আমার বাবা রাজি না হলে তিনি হুমকি দেন। পরে রাত ১১টার দিকে ফের এসে ছুরি দিয়ে বাবার ডান হাতের কবজি কেটে দেন। এরপর আমরা মামলা করি। প্রায় তিন মাস পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন বলেন, ফারুক বিএনপি করলেও কোনো পদে নেই। ইজারাদারেরও কিছু ভুল ছিল। তারপরও আমরা চাই ভুক্তভোগী পরিবার ন্যায্য বিচার পাক।

 

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, আসামিকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা