প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিলেটে ইউএনওর গাড়ির ধাক্কায় নিহত এক: পরে আপোষে মীমাংসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির ধাক্কায় ফরিদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা।

 

স্থানীয়রা জানান, দুপুরে ফরিদ মিয়া গরু চরাতে উপজেলা কমপ্লেক্স এলাকায় গেলে ইউএনও ঊর্মি রায়কে বহনকারী একটি সরকারি জিপ গাড়ি প্রবেশকালে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ফরিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িচালককে আটক করে। নিহতের ভাই শরীফ জানান, গাড়ি চাপায় ফরিদ মিয়ার এক হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরে গুরুতর আঘাত পায়।

 

এলাকাবাসীর অভিযোগ, সরকারি কর্মকর্তাদের বহনকারী জিপ গাড়িগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তারা এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

 

মোগলাবাজার থানা পুলিশের ওসি (তদন্ত) কাজি তবারক হোসেন জানান, পরিস্থিতি শান্ত রাখতে গাড়িচালককে আটক করা হয়। পরে বিষয়টি আপোষে মীমাংসা হয়েছে। নিহতের পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়ে আবেদন করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা