বগুড়ায় পেট্রলপাম্পের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক কর্মচারীকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে আটক করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে।
ডিবির ইনচার্জ (পরিদর্শক) ইকবাল হাসান বলেন, হত্যার পর রাকিবুল ইসলাম ওরফে রতন (২৬) পালানোর চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে মৌচাক থেকে তাকে আটক করা হয়। এসময় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এর আগে শনিবার দিবাগত রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ক্যাশিয়ার ইকবাল হাসান হেলাল (৩৫) হাতুড়ির আঘাতে নিহত হন। পরদিন সকালে সহকর্মীরা এসে ঘটনাটি দেখতে পান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে, ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে তেল চুরি হচ্ছিল। এ ঘটনায় নিহত ইকবাল তাকে দায়ী করায় ক্ষোভে এ হত্যাকাণ্ড ঘটায় বলে সে স্বীকার করেছে।
পুলিশ জানায়, রতনকে বগুড়ায় আনা হচ্ছে এবং সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এদিকে খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, রাত আড়াইটার দিকে রতন হাতুড়ি দিয়ে একাধিকবার ইকবালের মাথায় আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত হলে পালিয়ে যায়।
নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। আর আটক রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।