ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ঢাকার বারিধারা এলাকায় তার মালিকানাধীন একটি সিসা বার থেকে তাকে আটক করা হয়।
পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন জানান, সেলিম প্রধান বারিধারায় অবৈধভাবে সিসা বার পরিচালনা করছিলেন। ভোরে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমানে ওঠার আগে র্যাব তাকে গ্রেপ্তার করেছিল। তখন তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা এবং বিদেশি মদ জব্দ করা হয়েছিল বলে র্যাব জানায়।