প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংস্কার ছাড়া নির্বাচন নয়: রংপুরে পথসভায় এটিএম আজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫

দেশে রাজনৈতিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও রংপুর-২ আসনের এমপি পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতের দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের পলিপাড়া ও পাকার মাথায় উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার ও দৃশ্যমান সংস্কারের আগে কোনো নির্বাচন আয়োজনের চেষ্টা করলে তা জনগণ প্রত্যাখ্যান করবে। সংবিধান সংশোধন করে তার আলোকে ভোট করতে হবে।”

তিনি আরও বলেন, “জামায়াতের নেতাকর্মীরা জনগণের সুখ-দুঃখে পাশে থাকে, কিন্তু কিছু মহল ভুল তথ্য দিয়ে মানুষকে দূরে রাখার চেষ্টা করছে।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, “ষড়যন্ত্রের মাধ্যমে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। জোরপূর্বক সাক্ষী নেওয়া হয়েছিল। এখন সেই সাক্ষীরা সত্য প্রকাশ করছেন।”

ভোট প্রসঙ্গে তিনি বলেন, “অন্য দলের নেতারা মিথ্যা প্রতিশ্রুতি দেন। কিন্তু সৎ লোকদের মাধ্যমে কোরআনের আইন প্রয়োগ করলে প্রকৃত উন্নয়ন সম্ভব।”

পথসভায় মধুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল কুদ্দুস মণ্ডলের সভাপতিত্বে উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ রুস্তম আলী, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা