প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

গাজীপুরে বাসচাপায় ডিবি কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর মহানগরের জয়দেবপুর-শিববাড়ী সড়কে বাসচাপায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাঁর স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনসের সামনে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, মোস্তাফিজ হাসান ব্যক্তিগত গাড়ি সড়কের পাশে রেখে স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি দোকান থেকে ফেরার সময় ‘পথের সাথী’ পরিবহনের দ্রুতগতির বাস (নম্বর: গাজীপুর-জ-১১-০০৫৬) তাঁদের চাপা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা এবং পুলিশ সদস্যরা তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজ হাসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লতিফা জেসমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা বাসটিকে আটক করে এবং চালক মো. সুমনকে (কাপাসিয়ার উরুন গ্রামের বাসিন্দা) হেফাজতে নেয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা