আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
জাতিসংঘের প্রকাশিত সর্বশেষ বক্তাদের তালিকায় দেখা গেছে, ২৬ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে নরেন্দ্র মোদির বক্তব্য রাখার কথা থাকলেও এবার সেটি পরিবর্তন হয়েছে। ওই দিন বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা বক্তব্য রাখবেন। অধিবেশনের উদ্বোধনী দিন ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম বক্তৃতা দেবেন এবং এরপর বক্তব্য রাখবেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
এবারের অধিবেশনে ফ্রান্স, কানাডা ও বেলজিয়ামসহ একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। তবে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করে এই উদ্যোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। কিন্তু রাশিয়ার জ্বালানি কেনার কারণে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয় এবং ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। উল্লেখ্য, জাতিসংঘের বক্তাদের তালিকা অধিবেশন শুরু হওয়ার আগ পর্যন্ত পরিবর্তনযোগ্য থাকে।