দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন দে-ছুট ভ্রমণ সংঘ’র শ্লোগান “সবুজে হবে সয়লাব – আমাদের প্রিয় বাংলাদেশ” এর ধারাবাহিকতায় সংগঠনের ফেসবুক গ্রুপের বন্ধুদের সহায়তায় ৩ আগস্ট বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চংপলাশিয়া রশিদিয়া দারুস সুন্নাহ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মুহতামিম হযরত মুফতি মুহাম্মদ আতাউল্লাহ সাহেবের তদারকিতে “দে-ছুট” এর চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম আম গাছ রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ ২০২৫ এর কর্মসূচীর তৃতীয় পর্বর উদ্ভোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন ভ্রমণসংগঠনটির অন্যতম ভ্রমণবন্ধু মুহাম্মদ আনিসুর রহমান, মুহাম্মদ রিয়াদ আশ্রাফ সহ মাদ্রাসার অন্যান্য সম্মানিত পরিচালক ও গ্রামবাসী।
উদ্ভোধনী বক্তব্যে মুহাম্মদ জাভেদ হাকিম বলেন, অনেক অনেক গাছ লাগিয়ে ঢাকঢোল পেটানোর চেয়ে এমন কোন জায়গায় গাছ লাগানো উচিৎ, যেখানটাতে সঠিক পরিচর্যায় গাছগুলোর অধিকাংশই টিকে থাকবে। সেই লক্ষেই তৃতীয় পর্যায় উক্ত মাদ্রাসার মুহতামিম হযরত মুফতি নুরুল ইসলাম সাহেবের পরামর্শে নার্সারি হতে আনা বিভিন্ন ফলজ গাছের চাড়া রোপণ করা হয়।
সেই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাদের প্রতি, যারা বক্ষরোপণ আয়োজনে আর্থিক, মানসিক ও দৈহিক ভাবে সহায়তা প্রদান করেছেন। তিনি আরো বলেন ভ্রমণ পিপাসুদের দেশে-বিদেশের নানান প্রান্তে ভ্রমণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। তাই বিভিন্ন ভ্রমণ সংগঠনগুলোকে বৃক্ষরোপণের ব্যপারে আগ্রহী হওয়ার আহবান জানান। পাশাপাশি ফটোসেশনের চেয়ে গাছের রক্ষাণাবেক্ষণ করার মত স্থানে রোপণের অনুরোধ জানান।
এরপর ওইদিন বিকালেই চতুর্থতম পর্ব বৃক্ষরোপণ করা হয়, নেত্রকোনা জেলার মদন উপজেলার আখাঁশ্রী গ্রামে অবস্থিত জামি’আ ফয়জুল আবরার (বাগে মিজান) মাদ্রাসা প্রাঙ্গণে।
উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও পুরান ঢাকা ইসলামপুর মহল্লার নবাববাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ নজরুল ইসলাম সাহেবের তদারকিতে তালগাছ সহ বিভিন্ন ফলজ গাছ রোপণের পর দে-ছুট ভ্রমণ সংঘ ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য দোয়া পরিচালনা করেন।