প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মানিকগঞ্জে নতুন মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা:দুই বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫

মানিকগঞ্জের ঘিওরে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরেকজন। শুক্রবার (৫ সেহপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল–আরিচা আঞ্চলিক মহাসড়কের ঘিওর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের ময়নাল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২০) এবং একই উপজেলার ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান হোসেন (২০)। আহত মারুফ হোসেন (২১) একই উপজেলার জাকির হোসেনের ছেলে।

ঘিওর থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে সুজন মণ্ডল তার দুই বন্ধুকে নিয়ে নতুন মোটরসাইকেলে বের হন। বেপরোয়া গতিতে চলন্ত অবস্থায় ঘিওর সেতুর আগে নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা খুঁটিতে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মারুফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. কোহিনুর ইসলাম জানান, নিহতদের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা