প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাভী বেচে কেনা ভ্যান হারিয়ে অসহায় জাকির: সংসার চালানোর ভরসা নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগবরুণা গ্রামের জাকির হোসেন গাভী বিক্রি করে কিস্তিতে কিনেছিলেন একটি ব্যাটারিচালিত ভ্যান। সেটিই ছিল তার সংসারের একমাত্র আয়ের উৎস। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে ফিরে এসে ভ্যানটি আর দেখতে পাননি তিনি। মুহূর্তেই যেন ভেঙে পড়ে তার স্বপ্ন।

 

স্থানীয়দের ভাষ্যমতে, কর্ণঝোড়া বাজার জামে মসজিদে নামাজ শেষে বেরিয়ে এসে ভ্যানটি না পেয়ে কান্নায় ভেঙে পড়েন জাকির। দ্রুত বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, ভ্যানটির পেছনে দেওয়া নম্বরে ফোন করে একটি চক্র ২০ হাজার টাকা দাবি করেছিল, তবে পরে আর কোনো যোগাযোগ করেনি।

 

কান্নাজড়িত কণ্ঠে জাকির জানান, গাভী বিক্রির ৪০ হাজার টাকা দিয়ে নগদ দিয়েছিলেন এবং বাকিটা কিস্তিতে ৯৬ হাজার টাকায় ভ্যানটি কিনেছিলেন। এখনো প্রায় ১০ হাজার টাকা বাকি রয়েছে। প্রতিদিন এই ভ্যান চালিয়েই সংসার ও কিস্তির টাকা শোধ করতেন। ভ্যান ছাড়া পরিবার চালানো নিয়ে তিনি এখন দুশ্চিন্তায় আছেন।

 

শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে রাতেই পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ জাকিরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা