নাটোরের ভবানীগঞ্জ মোড়ে শনিবার সকালে ‘৩৬ জুলাই শহীদদের’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“অধিকার আদায়ের পথে দমন-পীড়নের দীর্ঘ সাড়ে ১৫ বছরের সংগ্রামের পর একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। জনগণ তাদের সঙ্গে একাত্ম হয়েছিল। ৩৬ দিনের আন্দোলনের পর বাংলাদেশ মুক্তি পায়, কিন্তু সব চাহিদা ও আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি।”
উপদেষ্টা জানান, দেশের সামনে এখনো বিচার ও সংস্কারের কাজ বাকি। “বিচারকে দৃশ্যমান করতে এবং তা দ্রুত এগিয়ে নিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এটি শুধু একটি সরকার নয়; গণঅভ্যুত্থনের ভিত্তিতে গঠিত বিপ্লবী সরকার,” তিনি যোগ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম, শহীদ কলেজছাত্র মিকদাদ হোসেন খান আকিবের বাবা অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান এবং শহীদ হৃদয়ের বাবা রাজু আহম্মেদও বক্তব্য রাখেন।
এর আগে সার্কিট হাউসে আট শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন,
“এই দেশের স্বাধীনতার জন্য কারো সন্তান, ভাই বা স্বামী জীবন দিয়েছেন। ফ্যাসিবাদ মুক্ত এই দেশ আপনাদের প্রিয়জনদের রক্তের বিনিময়ে অর্জিত। যেন আর কখনো ফ্যাসিবাদ দেশে ফিরে আসতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।”
সকালে তিনি নাটোর শহরের বিভিন্ন কবরস্থানে গিয়ে পাঁচ শহীদদের কবর জিয়ারত করেন।