আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সদস্যদের জন্য নয়টি মডিউলে সাজানো প্রশিক্ষণ পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে বাস্তবমুখী মহড়া, প্রামাণ্যচিত্র, অডিও–ভিজ্যুয়াল কনটেন্ট, স্বল্পদৈর্ঘ্য ফিল্ম ও বুকলেটের মাধ্যমে দক্ষতা বাড়ানোর উদ্যোগ রয়েছে।
জানা গেছে, গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরে ১৫০ জন ‘মাস্টার ট্রেইনার’কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরে দেশের ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে ১,২৯২ জন ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি) তৈরি করা হবে। এরা পরবর্তীতে মাঠপর্যায়ে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।
বাংলাদেশ পুলিশের ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইনসে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।