ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হলে যেসব নারী শিক্ষার্থী হলে সিট পান না, তাদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি (সভাপতি) প্রার্থী সাদিক কায়েম। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণার সময় তিনি এই প্রতিশ্রুতি দেন।
সাদিক কায়েম বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের লক্ষ্য শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয় শতবর্ষ অতিক্রম করলেও কার্যকর পরিকল্পনার অভাবে অনেক মৌলিক সমস্যা থেকে গেছে। বিজয়ী হলে দীর্ঘমেয়াদি রোডম্যাপের মাধ্যমে আবাসন সংকটসহ অন্যান্য সমস্যার সমাধান করা হবে।
তিনি আরও জানান, হলের খাবারের মান উন্নয়ন, দাম নির্ধারণে স্বচ্ছতা ও মিল ভাউচার সিস্টেম চালুর মাধ্যমে শিক্ষার্থীরা যেন সাশ্রয়ী এবং মানসম্মত খাবার পান—সে উদ্যোগ নেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের অংশ হিসেবে হলে হলে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে প্রচারণা ইতিমধ্যেই জমে উঠেছে।