সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি নদী থেকে নিখোঁজের তিন দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিহতের ফুপাতো ভাই জুনেদ আহমদ।
মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরাসার প্রিন্সিপাল এবং পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে দলীয় মনোনয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। রাতে তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের প্রতিবাদে বৃহস্পতিবার স্থানীয়রা বিক্ষোভও করেন।