প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গায় দুই মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগী ও হামিদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধে নেমেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে ঢাকা–বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এবং ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় একযোগে এই অবরোধ শুরু হয়।

অবরোধের কারণে ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক আটকে পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। ঘটনাস্থলে ভাঙ্গা হাইওয়ে থানা ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন, তবে অবরোধকারীরা এখনও সরে যাননি।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত প্রকাশিত হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হয় এবং শুক্রবার সকালে স্থানীয়রা মহাসড়ক অবরোধে নেমে আসেন। অবরোধকারীরা জানিয়েছেন, “ভাঙ্গাকে বিভক্তির সিদ্ধান্ত আমরা মেনে নেব না, প্রয়োজনে দীর্ঘ সময় সড়ক অবরোধ চলবে।”

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, “মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এখনো অবরোধকারীরা সরে যাননি।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা