প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নুরের ওপর হামলার বিচার না হলে জনগণই বিচার করবে: ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কড়া সতর্কবার্তা দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “নুরের ওপর হামলার বিচার না হলে দায়ীদের জনগণের বিচারের মুখোমুখি হতে হবে।”

ফুয়াদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণ-অভ্যুত্থান ব্যর্থ করার মতো কার্যক্রম চালাচ্ছেন। তার দাবি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিকল্পিত হামলায় নুর গুরুতর আহত হয়েছেন, নাকের হাড় ভেঙে গেছে এবং তিনি বর্তমানে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। একই ঘটনায় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানও হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এই উপদেষ্টাকে আগেই সরিয়ে দেওয়া উচিত ছিল। নুরের ওপর হামলা কেবল রাজনৈতিক সহিংসতা নয়, এটি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ। এর সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থারও সম্পৃক্ততা থাকতে পারে।”

ব্যারিস্টার ফুয়াদ আরও সতর্ক করে বলেন, “অন্তর্বর্তী সরকার যদি দৃষ্টান্তমূলক বিচার না করে, তাহলে জনগণই এর জবাব দেবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা