বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে অংশ নেবেন না। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের থ্রিডি হলে এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ‘জুলাই সনদের আইনি ভিত্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা বলা হলেও জুলাই সনদের সব দল এখনো স্বাক্ষর করেনি। সেই সনদে উল্লেখিত ঐক্যমতের বিষয়গুলো চূড়ান্ত হয়নি, অথচ আগে থেকেই নির্দিষ্ট সময় ঘোষণা দেওয়া হয়েছে। এমনকি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সংবিধানে পিআর পদ্ধতি নেই। অথচ সংবিধানে নির্বাচন পদ্ধতির উল্লেখ নেই।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ যদি গণভোটে পিআরকে সমর্থন করে তাহলে সব দলকে তা মানতে হবে। পিআর চালু হলে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব কমবে, ছোট দলগুলোও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে। তিনি অভিযোগ করেন, যাঁরা একক কর্তৃত্ব চান, তারাই পিআরের বিরোধিতা করেন।
তিনি আরও বলেন, “আমরা নির্বাচনে যেতে প্রস্তুত, কিন্তু সংস্কার ও পিআর পদ্ধতি বাস্তবায়নের পরেই অংশগ্রহণ করব। দিনক্ষণ নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু দাবি মানতে হবে।” নির্বাচন কমিশনের সাম্প্রতিক ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান।