প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃ’তের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ চালিয়ে আরও মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশে প্রায় ৯৮ শতাংশ ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ত্রাণকর্মীরা।

রোববারের ৬ মাত্রার এই ভূমিকম্পে অন্তত ৮৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন, বাস্তুচ্যুত হন হাজার হাজার মানুষ। যারা বেঁচে গেছেন তারা গৃহহারা হয়ে পড়েছেন এবং অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। তালেবান প্রশাসনের তথ্যমতে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,২০৫ জনে এবং আহতের সংখ্যা ৩,৬৪০। সময়ের সাথে সাথে এই সংখ্যা আরও বাড়তে পারে।

কুনার প্রদেশের বাসিন্দা আলেম জান বলেন, “আমাদের যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে।” তিনি পিঠের ব্যাগে থাকা কিছু কাপড় দেখিয়ে জানান, “এটাই এখন বাকি।” তার পরিবার গাছের নিচে সামান্য জিনিসপত্র নিয়ে বসবাস করছে।

ভূমিকম্পে কুনার ও নাঙ্গারহার প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে; ৬,৭০০-এর বেশি ঘরবাড়ি ধসে গেছে। জাতিসংঘ জানিয়েছে, সময় যত গড়াচ্ছে জীবিতদের উদ্ধারের আশা তত কমে আসছে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট জানায়, দ্রুত মানবিক সহায়তার প্রয়োজন বাড়ছে। ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইডের হিসাবে কুনারের কিছু গ্রামে প্রতি তিনজনের মধ্যে দুজন নিহত বা আহত হয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা