চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানার পশ্চিম পাশে এই সংঘর্ষ হয়। এতে নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এমরান আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল আল নোমানসহ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের অনুসারী মীরসরাই কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মহাসড়কে মিছিল বের করেন। মিছিলটি থানার পশ্চিম পাশে পৌঁছালে নুরুল আমিন চেয়ারম্যানের অন্য একটি অনুসারী গ্রুপের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।