প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রশাসনের ভেতর হাসিনার প্রেতাত্মারা সক্রিয়, পালানোর সুযোগ দেওয়া হচ্ছে: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রাজনৈতিক নিপীড়ন ও অন্যায় কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দেশত্যাগে প্রশাসনের কিছু অংশ বিশেষ সুবিধা দিচ্ছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দশম শ্রেণির ক্ষুদে বিজ্ঞানী নাবিলের বাড়িতে তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভীর দাবি, “শেখ হাসিনার রেখে যাওয়া প্রভাবশালী ব্যক্তিরা এখনো প্রশাসনে সক্রিয়। যারা অতীতে নিপীড়ন ও অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন, তাদের পাসপোর্ট অফিস ‘গ্রিন সিগন্যাল’ দিচ্ছে। অথচ অপরাধে অভিযুক্তদের এ সুযোগ দেওয়ার কথা নয়।”

তিনি আরও বলেন, জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না, যত চক্রান্তই হোক অবশেষে গণতন্ত্র ফিরবে এবং অবাধ–সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, প্রত্যেকের মত প্রকাশের অধিকার রয়েছে। সমালোচনা গণতন্ত্রের অংশ, কিন্তু শেখ হাসিনা সেই স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। “আমাদের দীর্ঘ আন্দোলনের মূল লক্ষ্য ছিল মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনা। এখন নানা দল ইস্যুভিত্তিক কথা বলছে, এটিই গণতন্ত্রের শুভ সূচনা,” যোগ করেন তিনি।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ ও হাফিজুর রহমান মোল্লা কচি উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা