প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই ঐক্য জানিয়েছে, আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক জোট ১৪ দল ও জাতীয় পার্টিকে দ্রুত নিষিদ্ধ না করলে সরকারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া এবং রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সংগঠনটির সমন্বয়ক ইসরাফিল ফরাজী এক বিবৃতিতে জানান, শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর জুলাই ঐক্যের উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ না করলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, আইনমন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, রাজপথে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেওয়া হবে।

সংগঠনটির অভিযোগ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার পরও তার সহযোগী ১৪ দল এবং জাতীয় পার্টি দেশের বিভিন্ন স্থানে অস্ত্র মজুত, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও জুলাই যোদ্ধাদের ওপর হামলায় লিপ্ত রয়েছে। তারা মনে করে, এ ধরনের রাজনৈতিক দলকে বৈধতা দেওয়া দেশের গণতন্ত্র ও জনস্বার্থের পরিপন্থী।

জুলাই ঐক্য আরও জানায়, অন্তর্বর্তী সরকারের উচিত অবিলম্বে এই দলগুলোকে নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করা, নইলে তা হবে জুলাই স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা