গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, হামলায় গুরুতর আহত সংগঠনটির সভাপতি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি আশা প্রকাশ করেন, স্বাস্থ্য পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে আগামী এক সপ্তাহের মধ্যেই তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, নুরুল হক নুর এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তার নাক দিয়ে রক্ত পড়ছে, নাক বাঁকা হয়ে গেছে, মাথায় আঘাত লেগেছে, হাঁটাচলা করতে পারছেন না এবং মুখ ঠিকভাবে খোলাও সম্ভব হচ্ছে না।
রাশেদ খান আরও জানান, সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবেশ উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। তবে এখনই প্লেনে ওঠার মতো অবস্থায় নেই নুরুল হক নুর। সংগঠনটি সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছে। শারীরিক অবস্থা উন্নত হলে দ্রুতই বিদেশে নেওয়া হবে।