রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে নারী নেত্রীরা জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়িয়ে ১৫০ করার পাশাপাশি এসব আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন চালুর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, সংসদে নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়ানো জরুরি। বর্তমানে রাজনৈতিক দলগুলোই ৫০টি সংরক্ষিত আসনে প্রার্থী মনোনয়ন দেয়। এতে নারীরা দলীয় প্রার্থী হয়ে সীমাবদ্ধ থাকেন এবং কার্যকর ভূমিকা রাখার সুযোগ কমে যায়। তাই সংরক্ষিত আসনের কমপক্ষে এক-তৃতীয়াংশ সরাসরি নির্বাচিত হওয়া উচিত।
নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবির বলেন, নারীদের জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে সংসদে তাদের অবস্থান শক্তিশালী করতে হবে। কমপক্ষে এক-তৃতীয়াংশ নারী সদস্য সরাসরি নির্বাচিত হলে নারীর অধিকার ও মানবাধিকার সুরক্ষা আরও জোরদার হবে।
আলোচনায় বক্তারা সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৪৫০ করার প্রস্তাব দেন—যেখানে ৩০০টি সাধারণ আসনের সঙ্গে ১৫০টি সংরক্ষিত নারী আসন থাকবে। দুটি সাধারণ আসন মিলিয়ে একটি সংরক্ষিত নারী আসন নির্ধারণ ও সরাসরি ভোটের মাধ্যমে নারীদের নির্বাচন করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, সর্বোচ্চ দুই বা তিন মেয়াদ এ ব্যবস্থা চালু রাখা হলে নারীরা নিজেদের নির্বাচনী এলাকা গড়ে তুলতে পারবেন।
অনুষ্ঠানে সাবেক বিএনপি সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামীম হায়দার পাটোয়ারী, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।