রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল তাদের সহসভাপতি এ আর মিলন খানকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই ৩৬ হলের ৯১ জন শিক্ষার্থীকে “বিনা পারিশ্রমিকের যৌনকর্মী” উল্লেখ করে নারী নেত্রী জান্নাতুল নাঈমা তুহিনার ফেসবুক স্ট্যাটাসে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এ আর মিলন খান। এ ঘটনার পর তার সাংগঠনিক পদ সাময়িক স্থগিত করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। একাধিকবার যোগাযোগের পরও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন এবং ফোন বন্ধ করে দেন। তদন্তে প্রমাণিত হয় মন্তব্যটি ইচ্ছাকৃতভাবে তিনি করেছেন।’
সংগঠন জানায়, এর ফলে তাকে প্রাথমিক সদস্য পদসহ হল সহসভাপতির পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং সকল নেতা-কর্মীকে তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমরা নারীদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমাদের সংগঠনে নারীবিদ্বেষী বা বুলিংয়ের কোনো স্থান নেই। এই ঘটনার মাধ্যমে যারা এমন কাজ করতে চায় তাদের জন্য কড়া বার্তা যাবে।’