আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদল নেতা হাবিবুর রহমান সাকিবের পক্ষে প্রচারণা চালাতে এসে নিজেকে রোকেয়া হলের আবাসিক ছাত্র হিসেবে পরিচয় দেন এক বহিরাগত যুবক। এজিএস প্রার্থী মহিউদ্দিন রনির প্রশ্নের মুখে পড়ে তিনি পরে ঢাকা কলেজের শিক্ষার্থী হওয়ার কথা স্বীকার করেন। বুধবার (৩ সেপ্টেম্বর) মহিউদ্দিন রনি তার ফেসবুক প্রোফাইলে ‘ডাকসুর প্রচারণা চালাচ্ছে ছাত্রদলের রোকেয়া হলের এক ভাই’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করলে মুহূর্তেই সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
তবে অনুসন্ধানে জানা যায়, ওই যুবক মনিরুজ্জামান ঢাকা কলেজের শিক্ষার্থী নন। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বর্তমানে ঢাকায় লিফলেট বিতরণের কাজ করেন। তার ভাতিজা রফিক জানান, মনির আজিমপুরের লালবাগে এক মেসে থাকেন এবং জীবিকার জন্য লিফলেট বিতরণ করেন।
ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা কলেজ প্রশাসন জানায়, মনির তাদের শিক্ষার্থী নন। এ ঘটনায় ক্ষুব্ধ কলেজ শিক্ষার্থীরা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলেজের নাম খাটো করা হয়েছে। তারা ইতোমধ্যে আইনগত পদক্ষেপের প্রস্তুতি নিয়েছেন।
অন্যদিকে ছাত্রদল প্যানেলের প্রার্থী হাবিবুর রহমান সাকিব নিজের ফেসবুকে লিখেছেন, “সোশ্যাল মিডিয়ায় আমার লিফলেট নিয়ে একজনকে প্রচারণা করতে দেখা গেছে, কিন্তু আমি তাকে চিনি না। আমার লিফলেট বিভিন্ন হলে ছোট ভাইদের দিয়ে রাখা হলেও তার সঙ্গে কোনো যোগাযোগ নেই।” তিনি নির্বাচন কমিশনকে এ বিষয়ে তদন্তের আহ্বান জানান এবং ডাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে তা বজায় রাখার আহ্বান করেন।