ফেনীর পরশুরাম উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার স্টেশন রোড এলাকায় এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি নেতাদের সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্টেশন রোডে জমায়েত হন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
মঞ্চের সামনে আসন নেওয়া নিয়ে পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ বাধে। এতে ইসমাইল, তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, সোহেল, মৃধুল, তৌহিদ, পাপ্পু ও হোসেনসহ অন্তত ১২ জন আহত হন।
আহতদের মধ্যে মো. ইসমাইল ও মো. তাজুল ইসলামকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আব্দুল হালিম মানিক অভিযোগ করে বলেন, হামলায় তাদের ৭-৮ জন কর্মী আহত হয়েছেন এবং গুরুতর আহতদের ফেনীতে চিকিৎসা চলছে। অন্যদিকে, আবু তালেব বলেন, আসন নিয়ে যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।