ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপাচার্য জানান, এ পর্যন্ত দুটি উকিল নোটিশ ও দুটি রিট মোকাবিলা করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিয়োজিত আইনজীবী প্যানেল সঠিকভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।
তিনি আরও বলেন, আজ সকালে একটি রিট আবেদনের প্রেক্ষিতে আদালত ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্বাচন কমিশনার ও শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে বিষয়টি চেম্বার জজ আদালতে আপিল করা হয় এবং ওই আদেশ স্থগিত করা হয়েছে।
ড. নিয়াজ আহমদ খান বলেন, অভিজ্ঞ আইনজীবীদের সঙ্গে আলোচনা করে জেনেছি, ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। তবে মামলাটি বিচারাধীন থাকায় এর বাইরে আর কোনো মন্তব্য করা ঠিক হবে না।