প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপি আবারও জনগণের শক্তিতে জেগে উঠবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বারবার বিএনপিকে ধ্বংসের চেষ্টা হয়েছে, কিন্তু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপি সবসময় ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠেছে।”

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের রাজনৈতিক ধারায় পরিবর্তন এনেছিলেন। মানুষের বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি দেশের উন্নয়নের ভিত্তি গড়ে দেন। গার্মেন্টস শিল্পের সূচনা ও তত্ত্বাবধায়ক সরকারের বিধানও ছিল তার অবদান।

মির্জা ফখরুল অভিযোগ করেন, গত ১৫ বছরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, লাখ লাখ মামলায় জড়ানো হয়েছে, হাজারো নেতাকর্মীকে হত্যা ও নিখোঁজ করা হয়েছে। তারপরও বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ইতোমধ্যেই নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে। পাশাপাশি দলের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার আনতে চায়।

তিনি আশা প্রকাশ করেন, “জনগণের ম্যান্ডেট পেলে তারেক রহমানের নেতৃত্বে দেশে রাজনৈতিক সংস্কার ও অর্থনীতিতে নতুন গতি আসবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা