জামালপুরের মেলান্দহ উপজেলায় সরকারি খাদ্য অধিদপ্তরের ৮০ বস্তা চাউল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের আব্দুল মান্নানের বাড়িতে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন স্থানীয় মকবুল হোসেন মুকুল (৫৫) ও মো. সুজন মিয়া।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা সরকারি চাউল সংগ্রহ করে বস্তা পরিবর্তন করে বিক্রি করছিলেন। এসময় দুটি ঘর থেকে ৮০ বস্তা চাউল উদ্ধার করা হয়।
মেলান্দহ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা চাউল থানায় জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।