বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ রবিবার (৩১ আগস্ট) রাত পৌনে আটটার দিকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাত ৯টার দিকে ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রক্টর অফিস ও উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায়। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা ডেকে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়।
কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান গণমাধ্যমকে জানান, সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল খালি করতে হবে।
ময়মনসিংহ জেলা প্রশাসনের ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।