চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ভাড়া বাসার দারোয়ান কর্তৃক এক ছাত্রীকে মারধরের জেরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। টানা দুই দিন ধরে চলা এ সংঘর্ষে অন্তত দেড় হাজার শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে শতাধিক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১,৫০০ জন আহত হয়েছেন। সারাদিনে ১১টি ক্যাম্পাস বাসে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়। গুরুতর আহতদের মধ্যে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাজিউর রহমান রাজু ও নাইমুল ইসলামকে আইসিইউতে নেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাটহাজারী উপজেলা প্রশাসন রবিবার দুপুর ২টায় চবি এলাকার ২ নম্বর গেট থেকে ১৪৪ ধারা জারি করে, যা আগামী সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে। বিকেল সাড়ে ৪টার দিকে যৌথবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।