প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজধানীতে জাতীয় পার্টি কার্যালয়ে হা’মলা ও অ’গ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল বিক্ষোভকারী কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাকরাইল মোড় থেকে একটি মিছিল জাপা অফিসের দিকে এগিয়ে আসে। কিছুক্ষণ পরই সেখানে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

ঘটনার সময় কার্যালয়ের ভেতরে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী অবস্থান করছিলেন। বাইরে উত্তেজনা বিরাজ করলেও ভেতরে কী ঘটছে সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হলেও নেতাকর্মীরা বিস্তারিত কিছু জানাতে পারেননি।

এর আগের দিন শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে জাপা ও গণ-অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় পুলিশ ও যৌথ বাহিনীর লাঠিচার্জে গণ-অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

পূর্ববর্তী সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই শনিবার আবারও জাপা কার্যালয়ের সামনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা