প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে নুরুল হক নুরের ওপর হামলা: জামায়াতের ড. আযাদের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, ফ্যাসিবাদকে পুনর্বাসনের ষড়যন্ত্রের অংশ হিসেবেই গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালানো হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, নুরুল হক নুরের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমের ভিডিও প্রমাণ হিসেবে কাজে লাগিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। একইসাথে আওয়ামী লীগের শরিক ১৪ দলকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

ড. আযাদ বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের সরকার গঠন হয়নি। আওয়ামী লীগের তৈরি আইনে যদি নির্বাচন হয়, তবে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে।” তিনি বিকল্প হিসেবে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন করার দাবি জানান।

তার দাবি, দেশের ৭১ শতাংশ জনগণ পিআর পদ্ধতির নির্বাচন চান। তাই জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে যদি অন্তর্বর্তীকালীন সরকার এ দাবি বাস্তবায়ন না করে, তবে সেটিকে কোনোভাবেই জনগণের সরকার বলা যাবে না। এ অবস্থায় জনগণ বাধ্য হয়ে রাজপথে নামবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা