প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুমিল্লায় নুরের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা শাখার নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন। এ সময় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন। এতে প্রায় এক ঘণ্টা ধরে উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

বিক্ষোভকারীরা স্লোগান দেন— “যে পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা”, “নুরের ওপর হামলার জবাব চাই”, “জাপা নিষিদ্ধ চাই”, “আপস নয় সংগ্রাম, রাজপথ রাজপথ” ইত্যাদি।

দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি চলে দুপুর ১টা পর্যন্ত। পরে অবরোধকারীরা সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা