প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সবার জন্য এইচএসসি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার অঙ্গীকার জোনায়েদ সাকির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি জনগণ তাকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দেয়, তাহলে দেশের প্রতিটি শিশুর জন্য ১২শ শ্রেণি (এইচএসসি) পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ নিশ্চিত করবেন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

জোনায়েদ সাকি বলেন, “শিক্ষকদের জন্য আলাদা স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে এবং তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে। শিক্ষা ছাড়া কোনো দেশের উন্নতি সম্ভব নয়।”

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আজও শিক্ষকদের রোদে-পুড়ে, পুলিশের লাঠিচার্জ খেয়ে দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হয়। অথচ কোনো সরকারই এখনো শিক্ষার জন্য দীর্ঘমেয়াদি ও কার্যকর নীতি প্রণয়ন করতে পারেনি।

গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূলভিত্তি। একে উপেক্ষা করলে পুরো শিক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। তাই প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া অপরিহার্য।

শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বর্তমান বেতনে শিক্ষকরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। যদি তারা নিজেদের জীবনে স্বস্তি না পান, তবে শিক্ষার্থীদের কীভাবে মনোযোগ দিয়ে পড়াবেন?”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা