গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, কাকরাইলের ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা চালিয়েছে। বিশেষ করে সেনা সদস্যরা এ হামলায় জড়িত ছিলেন বলে দাবি করে তিনি বলেন, “এই ঘটনার বিচার সেনা আইনে গোপনে নয়, প্রকাশ্যে হতে হবে।”
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খান।
তিনি বলেন, “লাল শার্ট পরিহিত এক ব্যক্তিকে ঘিরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কেউ কেউ দাবি করছে, নুর হামলার শিকার হননি। আসলে এটা সম্পূর্ণ মিথ্যাচার। নুরসহ আমাদের নেতাকর্মীদের ওপর সরাসরি পুলিশ ও সেনাবাহিনী হামলা চালিয়েছে। আমরা এ ঘটনায় মামলা করব।”
রাশেদ খান আরও অভিযোগ করেন, “সেনাবাহিনীকে পুলিশ বা প্রশাসন কেউ ডাকেনি, অথচ পরিকল্পিতভাবে তারা নুরের ওপর হামলা চালিয়েছে। শুধু তাই নয়, অফিসে ঢুকে আমাদের নেতাকর্মীদের ওপরও ব্যাপকভাবে মারধর করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি পুনরায় দাবি করেন, সেনা সদস্যরা হামলায় জড়িত এবং তাদের বিচারের মুখোমুখি করতে হবে প্রকাশ্যে, যাতে জনগণ সত্য জানতে পারে।