প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাকরাইলে সং’ঘর্ষে র’ক্তাক্ত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে তাকে দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় গণ অধিকার পরিষদের নেতারা জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন। তার অফিসিয়াল ফেসবুক পেজে অভিযোগ করা হয়েছে, পুলিশ ও সেনাবাহিনীর আড়ালে সরকারপন্থীরা নুরের ওপর হামলা চালিয়েছে। ফেসবুক লাইভে দেখা যায়, নুরের মুখমণ্ডল থেকে বুক পর্যন্ত রক্তে ভেসে গেছে, নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।একটি সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয় এবং গণ অধিকার পরিষদের নেতাদের ১০ মিনিটের মধ্যে সরে যেতে নির্দেশ দেয়। কিন্তু তারা ঘটনাস্থল না ছাড়ায় পুলিশ ব্যাপক লাঠিচার্জ চালায়। এতে নুরসহ বেশ কয়েকজন আহত হন।

এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রথম দফায় সংঘর্ষ হয়। গণ অধিকার পরিষদ অভিযোগ করেছে, তাদের শান্তিপূর্ণ মিছিলে জাপা নেতাকর্মীরাই প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে উত্তেজনা সৃষ্টি করে।

রাত ১০টা ২৫ পর্যন্ত পল্টন ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। চলছিল ধাওয়া-পাল্টা ধাওয়া, আর এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল।

অধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি, ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখতে জাপা সহযোগীর ভূমিকা পালন করছে। তাই আওয়ামী লীগের মতো জাপার কার্যক্রমও নিষিদ্ধের আওতায় আনা উচিত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা