শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাদবরকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশে মাটিচাপা অবস্থায় বস্তাবন্দি লাশটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা মাটি খুঁড়ে লাশ দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন। জাজিরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে স্বজনরা এসে লাশটি আলমাসের বলে শনাক্ত করেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কয়েকদিন আগে মসজিদের মাইকে আজানের কারণে বিরক্ত হয়ে ইমামকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আলমাসের বিরুদ্ধে। এর প্রতিবাদ করলে তিনি ও তার সহযোগীরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই দানেশ সরদার বাদী হয়ে আলমাসসহ ২০ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।