প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ব্যাংক একীভূতকরণে ৩০ হাজার কোটি টাকা লাগবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫

বেসরকারি ব্যাংক একীভূতকরণ পদক্ষেপ ঠেকাতে নতুন করে তদবির অর্থনীতির সূচনা হচ্ছে। তার মতে, ব্যাংক একীভূত করা রাজনৈতিকভাবে অনেক কঠিন বিষয়। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান এসব কথা বলেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বনানীর পিআরআই কার্যালয়ে আয়োজিত মাসিক অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আখতার হোসেন।

ড. আশিকুর রহমান বলেন, “আগে অর্থ পাচারের বড় অস্ত্র ছিল মূলধনি যন্ত্রপাতি আমদানি। এখন পাচার কমে আসায় মূলধনি যন্ত্রপাতির আমদানি কম হতে পারে। দক্ষিণ এশিয়ার গড়ের তুলনায় আমাদের দেশে সুদের হার বেশি না। এখানে সুদের হার নীতি সুদ হারের কারণে নয়, বরং রাজনৈতিক অস্থিরতার কারণে বেড়েছে। মূল্যস্ফীতি না কমিয়ে বিনিয়োগ আকৃষ্ট করার পদক্ষেপ নিলে তা আরও বেশি ঝুঁকিপূর্ণ হবে।”

প্রধান অতিথির বক্তব্যে ড. আখতার হোসেন বলেন, ব্যাংক একীভূতকরণে ৩০ হাজার কোটি টাকা লাগতে পারে। এই অর্থ বন্ড এবং কিছু বিদেশি সহায়তার মাধ্যমে সংগ্রহ করা হবে।

তিনি বলেন, “মূল্যস্ফীতি কমানোর জন্য আরও কিছুদিন সংকোচনমূলক মুদ্রানীতি ধরে রাখতে হবে। অর্থনীতির গতি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ দরকার। কিন্তু আমাদের স্থানীয় সঞ্চয় খুব কম। তাই কর্মসংস্থান বাড়াতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন।”

তিনি আরও যোগ করেন, “ব্যবসায়িক পরিস্থিতি উন্নতির জন্য সবাইকে কাজ করতে হবে। এটা শুধু বাংলাদেশ ব্যাংকের একার দায়িত্ব নয়।”

সেমিনারের সভাপতিত্ব করেন পিআরআই-এর নির্বাহী পরিচালক ড. খুরশিদ আলম। এ সময় অর্থনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা