আগামী অক্টোবরের মাঝামাঝি সময়েই কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে । অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় তিনি প্রথমে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে। সে লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের কাজের ৮০ শতাংশ শেষ হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, ‘প্রথমে একটি বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। এরপর ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। যাত্রীদের আকর্ষণীয় মূল্যে টিকিট দেয়ার চেষ্টা থাকবে।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।