প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টিয়ারশেলের ধোঁয়া থেকে সন্তানকে রক্ষায় মেট্রোরেল গেটে মায়ের আকুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫

রাজধানীর শাহবাগ মেট্রোস্টেশনে আজ বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে হৃদয়বিদারক এক দৃশ্য চোখে পড়ে। টিয়ারশেলের ধোঁয়া ও সংঘর্ষের ভেতর সন্তানকে বাঁচাতে মেট্রোরেলের গেট আঁকড়ে ধরেন এক মা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে, যা ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন দফা দাবিতে আন্দোলনরত ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে শাহবাগ এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। এ সময় শিশুসন্তানকে কোলে নিয়ে আতঙ্কিত মা নিরাপত্তার খোঁজে মেট্রোরেলের গেটে আশ্রয় নিতে চাইলে কান্নায় ভেঙে পড়েন।

ভিডিওটি সাংবাদিক রহমত উল্লাহ তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে লেখেন, ‘রাস্তায় সংঘর্ষ, সন্তানকে বাঁচাতে মায়ের আকুতি।’ আরেক সাংবাদিক আকরাম খান ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারগ্যাস, মায়ের মরিয়া চেষ্টা সন্তানকে রক্ষায়।’

এ ঘটনায় এক সাংবাদিকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে ওই নারী ও শিশুর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার একটি কমিটি গঠন করেছে। তাদের প্রধান দাবিগুলো হলো—

১. প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে সবার জন্য অভিন্ন পরীক্ষা বাধ্যতামূলক এবং সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হবে বিএসসি ডিগ্রি।
২. কোটার মাধ্যমে বা বিকল্প নামে কোনও পদোন্নতি দেওয়া যাবে না।
৩. টেকনিক্যাল ১০ম গ্রেডে (উপ-সহকারী প্রকৌশলী) নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি উভয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে।
৪. বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী উপাধি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
৫. নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ায় আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা