ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের বিরুদ্ধে এক বুয়েট শিক্ষার্থীকে শারীরিকভাবে আক্রমণের অভিযোগ উঠেছে। বুধবার (২৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ অভিযোগ করেন বুয়েটের শিক্ষার্থী আবরার ফাইয়াজ।
নিজের আইডিতে লেখেন, মিন্টু রোড এলাকায় আন্দোলনের সময় ব্যারিকেড না থাকলেও হঠাৎ ডিসি মাসুদ এসে একজন শিক্ষার্থীর গলা চেপে ধরেন এবং কয়েকজনকে ঘুষি-লাথি মারেন। এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তিনি আরও দাবি করেন, শিক্ষার্থীরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলেও পুলিশ হঠাৎ সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিচার্জ শুরু করে। পরে টিয়ারশেল ও জলকামানও ব্যবহার করা হয়। তার ভাষায়, “আমরা পিছু হটার চেষ্টা করছিলাম, কিন্তু তবুও পুলিশের হামলা চলেছে। যারাই একা পড়েছে, তাদের মারধর করা হয়েছে। একজনের মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে।”
পোস্টে ফাইয়াজ আরও উল্লেখ করেন, “শিক্ষার্থীরা যদি ভয়ে পালাত, তাহলে অনেক আগেই এই সরকার টিকে যেত না। কিন্তু ছাত্ররা আন্দোলনের মাটিতে দাঁড়িয়েই প্রতিরোধ গড়ে তুলছে।”
এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।