প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর বিষয়ে যৌক্তিকতা নিরীক্ষায় কমিটি গঠন করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করা হয়েছে।
বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত দুই দিন ধরে রাজধানীর শাহবাগে তিন দফা দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই এই প্রজ্ঞাপন জারি করা হলো।
কমিটির প্রজ্ঞাপনে কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশসহ প্রতিবেদন দেওয়া। এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে এবং এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।