ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাগছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করার পর সমালোচনার মুখে পড়েন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ভিপি প্রার্থী আব্দুল কাদেরের একটি পোস্ট শেয়ার করে আসিফ মাহমুদ লিখেছিলেন, “ডাকসুতে ভোটার হইনি, তবে প্রার্থীর আধিক্য দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল।” একই সঙ্গে তিনি কাদেরকে শুভকামনা জানান।
তবে কিছুক্ষণের মধ্যেই সেই পোস্টের স্ক্রিনশট বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে সমালোচনা শুরু হয়। নানা মহলের সমালোচনার পর উপদেষ্টা পোস্টটি মুছে ফেলেন।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “সরকারের একজন উপদেষ্টা প্রকাশ্যে নির্দিষ্ট প্রার্থীকে সমর্থন জানান—এটা খুবই প্রশ্নবিদ্ধ। এতে তো সন্দেহ তৈরি হয় যে সরকার নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে।”
এদিকে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, দায়িত্বশীল পদে থেকে এমন প্রকাশ্য সমর্থন দেয়া সমীচীন নয়। সমালোচনার মুখেই তিনি পোস্টটি সরিয়ে নেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। এবার ভিপি ও অন্যান্য পদ মিলিয়ে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।