প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভাঙা প্রচারণা বোর্ডের ছবিকে হাতিয়ার বানালেন সাবিকুন নাহার তামান্না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রচারণা বোর্ড ভাঙচুরের ঘটনা ঘটে। বোর্ডে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়। তবে নিরুৎসাহিত না হয়ে, সেই ভাঙা ছবিকেই নিজের প্রচারণার অংশ হিসেবে ব্যবহার শুরু করেছেন তিনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে ছবিটি শেয়ার করে প্রচারণা শুরু করেন তামান্না। তিনি লেখেন— “স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।” পোস্টে নিজের নাম ও ব্যালট নম্বর (২০৪)ও উল্লেখ করেন।

তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের ছাত্রী। ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে তিনি এবার প্রার্থী হয়েছেন।

এরপর আরেকটি পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের কমনরুম সংকটের বিষয়টি তুলে ধরে বলেন— নারী শিক্ষার্থীদের জন্য সীমিত সংখ্যক কমনরুম থাকলেও পুরুষ শিক্ষার্থীদের জন্য কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া বিদ্যমান কমনরুমগুলোর আয়তন শিক্ষার্থীর তুলনায় অপ্রতুল।

তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন:
১. বিভাগ ও জোনভিত্তিক নতুন কমনরুম স্থাপন
২. শিক্ষার্থী সংখ্যার অনুপাতে কমনরুমের আয়তন বৃদ্ধি
৩. বিশ্রামের ব্যবস্থা নিশ্চিত করা
৪. নারী শিক্ষার্থীদের জন্য গোপনীয়তা রক্ষায় ব্যবস্থা গ্রহণ
৫. পর্যাপ্ত আলো-বাতাসযুক্ত পরিবেশ নিশ্চিত করা

তামান্না আরও অভিযোগ করেন, ক্যাম্পাসের স্যানিটেশন ব্যবস্থা অদক্ষ ও তদারকি বিহীন। অনেক বিভাগে পর্যাপ্ত ওয়াশরুম নেই, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা হয় না, হ্যান্ডওয়াশ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহেও অনিয়ম রয়েছে।

তার দাবি, বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন অনুযায়ী পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ ও পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন করতে ধারাবাহিক ক্যাম্পেইন চালানো জরুরি।

শেষে তিনি বলেন— “শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসকে একটি সক্ষম শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা